মগবাজারে প্রকাশ্যে ছিনতাই: ভিডিও ভাইরাল, কি বলছে ‍পুলিশ?

অনলাইন ডেস্ক

ঢাকার মগবাজার এলাকায় দিনের আলোতে প্রকাশ্যে অস্ত্র হাতে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর পুলিশ জড়িতদের খুঁজতে শুরু করেছে।

ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাতিরঝিল থানার ওসি মো. রাজু। তিনি বলেন, যে ব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়েছেন, তিনি বা তার পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেননি। আমরা ভিকটিমকে খুঁজে বের করার চেষ্টা করছি।

এরই মধ্যে ভিডিওর সূত্র ধরে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে তিনি জানান। পুলিশ জানতে পেরেছে, ভুক্তভোগীর নাম মো. আব্দুল্লাহ এবং তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে।

গত ১৮ মে মগবাজারের গ্রিনওয়ে গলিতে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। সিসিটিভি ভিডিওতে দেখা যায়, বিকেল ৫টা ২২ মিনিটে এক তরুণ কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে যাওয়ার সময় বাইকে আসা তিন ব্যক্তি তার পথ আটকায়। বাইক থেকে দু’জন দুটি চাপাতি নিয়ে নেমে ওই তরুণকে একটি বাড়ির ফটকের সামনে চেপে ধরে এবং চাপাতি দিয়ে আঘাতও করে। একপর্যায়ে ওই তরুণের ব্যাগটি কেড়ে নিয়ে দুই ছিনতাইকারী বাইকে উঠে পড়ে।

এরপর ভুক্তভোগী বাইকের সামনে এসে চাকা ধরে অনুরোধ করতে থাকলে চাপাতি হাতে দু’জন আবার বাইক থেকে নেমে তাকে আঘাত করে সরিয়ে দেয়। এর মধ্যে বাইকটি টান দিলে হামলাকারী একজন আবারও ভুক্তভোগীর দিকে চাপাতি হাতে তেড়ে যায়। মাত্র এক মিনিটের মধ্যে ব্যাগটি ছিনিয়ে নিয়ে তিনজন পালিয়ে যায়। ভিডিওতে হেলমেট পরা থাকায় তাদের কারো চেহারা দেখা যায় যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights