মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি ইরানের

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্য করে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। ইরানের দুটি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক হামলার জবাব হিসেবে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই হুমকির পর মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

রবিবার (২৯ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, ইরানের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে তাদের সংশ্লিষ্ট আঞ্চলিক প্রতিষ্ঠানগুলো এখন ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষভাবে তেহরানের একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগও তুলে ধরা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের বাসিন্দাদের কমপক্ষে এক কিলোমিটার দূরে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

তবে হামলার আগে যুক্তরাষ্ট্রকে একটি শর্তসাপেক্ষ সময়সীমাও দিয়েছে আইআরজিসি। বিপ্লবী গার্ড জানায়, যদি আগামী ৩০ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার নিন্দা জানায়, তাহলে সম্ভাব্য আক্রমণ থেকে তারা বিরত থাকতে পারে।

একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিক্রিয়া না এলে হামলা কেবল দুটি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না; বরং আরও বিস্তৃত পরিসরে লক্ষ্যবস্তু নির্ধারণ করা হতে পারে।

আইআরজিসি আরও দাবি করে, যুক্তরাষ্ট্র যদি তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ রাখতে চায়, তাহলে তাদের মিত্রদের বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রগুলোতে হামলা থেকে বিরত রাখতে হবে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস রয়েছে। এর মধ্যে কাতারে টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি ও নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস এবং সংযুক্ত আরব আমিরাতে নিউইয়র্ক ইউনিভার্সিটির ক্যাম্পাস উল্লেখযোগ্য।

সূত্র: সিএনএন, জেরুজালেম পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights