মনে হচ্ছে কেউ মুখে চড় মেরেছে: মার্করাম

অনলাইন ডেস্ক
গ্রুপ পর্বে ৪ ম্যাচের পর সুপার এইটেও ৩ ম্যাচ- টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ৭ ম্যাচ জিতে রীতিমতো আকাশে উড়ছিল দক্ষিণ আফ্রিকা। সেমি-ফাইনালে তাদের এক ঝটকায় মাটিতে নামিয়ে এনেছে নিউজিল্যান্ড।

প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামের কাছে এটি মুখে চড় খাওয়ার মতো অনুভূতি। কলকাতার ইডেন গার্ডেন্সে বুধবার সন্ধ্যার ম্যাচে নিউ জিল্যান্ডের সামনে পাত্তাই পায়নি দক্ষিণ আফ্রিকা।

মার্কো ইয়ানসেনের ঝড়ো ফিফটিতে ১৬৯ রানের পুঁজি দাঁড় করালেও, ফিন অ্যালেনের তাণ্ডবে সেটিকে মামুলিই বানিয়ে দেয় কিউইরা। মাত্র ১২.৫ ওভারে জিতে ফাইনালে উঠে যায় নিউজিল্যান্ড।

ম্যাচ শেষে তাই আক্ষেপ ও হতাশা একদমই লুকালেন না মার্করাম। তিনি বলেন, হ্যাঁ অবশ্যই অনেক বেশি হতাশার, অনেক বড় (ধাক্কা)। এটি হয়তো মুখে চড় মারার মতো নয়, কিন্তু তেমনই অনুভূত হচ্ছে। তবে হ্যাঁ, এটির কারণেই দিন শেষে আমাদের আরও শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে ও দল হিসেবে সামনে এগিয়ে যেতে হবে।

প্রোটিয়া অধিনায়ক আগেই বুঝতে পেরেছিলেন ইডেন গার্ডেন্সের উইকেট ভালো থাকবে এবং প্রথাগত পদ্ধতিতে খেলতে পারলে ১৯০ রানের আশপাশে করা সম্ভব। কিন্তু ওপরের সারির ব্যাটারদের ব্যর্থতায় ১৬৯ রানের বেশি করতে পারেনি তারা।

পরে ফিন অ্যালেন ১০ চারের সঙ্গে ৮ ছক্কায় ৩৩ বলে ১০০ রানের ইনিংস খেলে গড়েন টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এই উইকেটে যথেষ্ট রান করতে না পারার কারণেই পরাজয়ের কথা বললেন মার্করাম।

তিনি বলেন, দল হিসেবে এটি পর্যালোচনা করব। আমরা বুঝতে পারছিলাম উইকেট ভালো থাকবে। তাই দ্রুত মানিয়ে নিয়ে, প্রথাগতভাবে খেলে গেলেও হতো। কোনোভাবে ১৯০ রান করতে পারলেও হয়তো ম্যাচে থাকা যেত। এই ফলে হতাশ। তবে ছেলেদের নিয়ে আমি গর্বিত। তারা টুর্নামেন্টজুড়ে দারুণ খেলেছে।

অ্যালেনের রেকর্ডগড়া সেঞ্চুরিতে আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে নিউজিল্যান্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights