ময়মনসিংহে বিএনপি নেতার বিরুদ্ধে ইউপি উদ্যোক্তাকে মারধরের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে ৮নং রূপসী ইউনিয়ন ডিজিটাল সেবাকেন্দ্রের উদ্যোক্তা নিজাম উদ্দিনকে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে ফজলুল করিম খানসহ স্থানীয় কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে।

বুধবার (১৫ জুলাই) এ বিষয়ে প্রতিকার ও সুবিচারের দাবিতে ফুলপর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নিজাম উদ্দিন বিগত ২০০৪ সাল থেকে রূপসী ইউনিয়ন ডিজিটাল সেবাকেন্দ্রে উদ্যোক্তা হিসেবে তথ্য ও সেবা প্রদান করে আসছেন। কিন্তু বেশ কিছুদিন ধরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম খান ও বিএনপির সদস্য লিয়াকত আলী সরকার তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন।

লিখিত অভিযোগে নিজাম উদ্দিন উল্লেখ করেন, প্রায় দেড় মাস পূর্বেও ফজলুল করিম ও লিয়াকত আলী তাঁকে রূপসী বাজার থেকে স্কুল মাঠে ডেকে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং টাকা দিতে ব্যর্থ হলে ইউনিয়ন অফিস ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন।

পরবর্তীতে গত ১২ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে লিয়াকত আলী সরকারের কিছু অনুসারী ইউনিয়ন অফিসে এসে জোরপূর্বক তাঁকে ভয়ভীতি দেখিয়ে রূপসী বাজারস্থ মোস্তফার চা-স্টলে নিয়ে যায়। সেখানে লিয়াকত আলী সরকার তাঁকে লক্ষ্য করে বলেন, ‌‘তোকে না বলেছি ইউনিয়ন পরিষদের অফিস ছেড়ে চলে যেতে, এখানে তুই কি করিস?’

জবাবে নিজাম উদ্দিন নিজের দায়িত্বের কথা জানালে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিলে, ক্ষিপ্ত হয়ে লিয়াকত আলী সরকার ও তাঁর অনুসারীরা তাঁকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে হামলাকারীরা জোরপূর্বক তাঁর সাথে থাকা ইউনিয়ন অফিসের চাবি, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকের নগদ অর্থ এবং মূল্যবান নথিপত্র ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী উদ্যোক্তা জানান, মারধর ও হুমকির কারণে বর্তমানে তিনি ইউনিয়ন সেবাকেন্দ্রে যেতে পারছেন না। ফলে তিনি চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে যথাযথ তদন্তপূর্বক সুবিচার এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী নিজাম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights