মহাবিশ্বের শান্তির জন্য মহানবী (সা.) এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান ধর্মমন্ত্রীর

জবি প্রতিনিধি

সমগ্র মহাবিশ্বের শান্তির জন্য সবাইকে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এমপি। তিনি বলেন, সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ মহানবী হযরত মুহাম্মদকে (সা.) আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমরা সৌভাগ্যবান যে আমরা তাঁর উম্মত।

বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ধর্মমন্ত্রী বলেন, রাসুল (সা.)-এর জীবনের প্রতিটি দিক মানবজীবনের জন্য উত্তম আদর্শ। তাঁর সীরাত অনুসরণ করে জীবন পরিচালনা করতে পারলে ইহকাল ও পরকালে সফলতা অর্জন করা সম্ভব। মানুষের সব কর্ম ও চলার পথে আল্লাহ তাআলার ওপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। এর মাধ্যমে জীবনের নানা বাধা-বিপত্তি মোকাবিলা করে সঠিক ও শান্তিপূর্ণ জীবনযাপন করা সম্ভব।

ধর্মীয় সম্প্রীতি ও সমতার বিষয়ে ধর্মমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন যুগান্তকারী সংস্কার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ধর্মীয় নেতাদের জন্য রাষ্ট্রীয় অর্থায়নে মাসিক সম্মানি ও কল্যাণ ভাতা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, পৃথিবীর সর্বাপেক্ষা আদর্শ জীবনচরিত হলো মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনচরিত। তাঁর জীবনাদর্শ মানবজাতির জন্য সর্বোত্তম অনুসরণীয় আদর্শ।

উপাচার্য আরও বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হওয়া উচিত মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে জানা এবং তা বাস্তব জীবনে অনুসরণ করা।

উপাচার্য বলেন, মুমিনের অন্তরে মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর জীবনাদর্শের চেতনা জাগ্রত রাখতে হবে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে তিনি ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। মহানবী (সা.) সমগ্র বিশ্ববাসীর জন্য ‘রাহমাতাল্লিল আলামিন’ উল্লেখ করে তিনি তাঁর আদর্শ অনুসরণ ও অনুকরণের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে শুধু আলোচনা করলেই হবে না; তাঁর আদর্শকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। মুসলিম সমাজে মহানবী (সা.)-এর জীবনচরিতের ব্যাপক প্রচার এবং তাঁর আদর্শ সংরক্ষণ ও অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি অধ্যাপক মোস্তফা হাসানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মসজিদ কমিটির সদস্য অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক ও বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন।

এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ সহ কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এদিকে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কেরাত, হামদ, নাতে রাসুল ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কেরাত প্রতিযোগিতায় প্রথম হন ইসলামিক স্টাডিজ বিভাগের রহমতুল্লাহ মাক্কি, দ্বিতীয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. রাকিবুল করিম এবং তৃতীয় ইসলামিক স্টাডিজ বিভাগের আশিকুর রহমান আকাশ।

হামদ প্রতিযোগিতায় প্রথম হন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মোরশেদ হাসান মেশকাত, দ্বিতীয় ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আলী এবং তৃতীয় হিসাববিজ্ঞান বিভাগের মো. সিয়াম হোসেন।

নাতে রাসুল প্রতিযোগিতায় প্রথম হন মোরশেদ হাসান মেশকাত, দ্বিতীয় ইতিহাস বিভাগের তাহেরা মাহমুদ তোহা এবং তৃতীয় ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আলী।

রচনা প্রতিযোগিতায় প্রথম হন ইসলামিক স্টাডিজ বিভাগের নাজমুন আক্তার, দ্বিতীয় একই বিভাগের আছমাতুল্লাহ এবং তৃতীয় মিজানুর রহমান।

প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ধর্মমন্ত্রীর পক্ষ থেকে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে ৫০ হাজার টাকা এবং অন্য ১১ বিজয়ীকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights