মাগুরায় মুক্তিযুদ্ধের সংগঠক আলতাফ হোসেনের স্মরণসভা
মাগুরা প্রতিনিধি
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র, আলতাফ হোসেনের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ রবিবার আছাদুজ্জামান মিলনায়তনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত স্মরণ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নির্মল চ্যাটার্জী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামী লীগ নেতা শফিকুজ্জামান বুচ্চু, মুন্সী রেজাউল হক, সৈয়দ শরিফুল ইসলাম, শাখারুল ইসলাম শাকিল, রানা আমির ওসমান, বাবুল ফকিরসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতারা বক্তব্য রাখেন।
আলতাফ হোসেন ১৯৬২ সালে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি মাগুরার নেতৃত্ব দেন। দীর্ঘ ২৮ বছর ধরে মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বোর্ড অব ডিরেক্টর এবং মাগুরা পৌরসভার নির্বাচিত মেয়রের দায়িত্ব পালন করছিলেন।
