মাঠে ফিরছেন গেইল-আফ্রিদিসহ তারকা ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শকপ্রিয় ক্রিকেট লিগ হিসেবে পরিচিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের তৃতীয় আসর। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে দিয়ে আবারও মাঠে ফিরছেন ক্রিকেটের কিংবদন্তি তারকারা।

যুক্তরাজ্যে দুটি সফল ও রেকর্ড-গড়া মৌসুমের পর বিশ্বজুড়ে জনপ্রিয় এই টুর্নামেন্টটি তার বহুল প্রতীক্ষিত অভিষেকের অপেক্ষায় রয়েছে। দ্বিতীয় মৌসুমেই বিশ্বজুড়ে ৪২৫ মিলিয়নেরও বেশি দর্শক খেলাটি দেখেছিলেন। এবার দুবাই ও শারজাহর বিশ্বমানের ভেন্যুগুলোতে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

সংযুক্ত আরব আমিরাতের অন্যতম দ্রুত বর্ধনশীল বিলাসবহুল রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠান ‘বিএনডব্লিউ ডেভেলপমেন্টস’ এই টুর্নামেন্টের ‘টাইটেল স্পন্সর’ হিসেবে যুক্ত হয়েছে। ফলে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক নাম হয়েছে ‘বিএনডব্লিউ ডেভেলপমেন্টস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস’। এবারের আসরে মাঠে ফিরছেন একঝাঁক কিংবদন্তি ক্রিকেটার। যাদের মধ্যে রয়েছেন যুবরাজ সিং, শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, মঈন আলী এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

এই টুর্নামেন্টটি আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত ও ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতাগুলোকে আবারও জীবন্ত করে তুলবে, যার কেন্দ্রবিন্দুতে থাকছে ‘ইন্ডিয়া চ্যাম্পিয়নস বনাম ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স’-এর মধ্যকার আকর্ষণীয় লড়াই। ক্রিস গেইলের ছক্কা হাঁকানো কিংবা এবি ডি ভিলিয়ার্সের ৩৬০-ডিগ্রি শট খেলার দক্ষতা সব মিলিয়ে প্রতিটি ম্যাচেই দেখা যাবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট ক্রিকেট। একসময়ের ক্রিকেট-বিশ্ব কাঁপানো এই তারকারা আবারও একে অপরের মুখোমুখি হবেন।

আগের দুটি আসরে ছয়টি দল অংশ নিলেও, এবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’ দলটির অন্তর্ভুক্তির মাধ্যমে প্রতিযোগিতার পরিধি আরও বিস্তৃত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights