মাদক মামলায় রোহিঙ্গা নারীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার একটি মাদক মামলায় মোছাম্মৎ নূর তাজ (২৮) নামে এক রোহিঙ্গা নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১২ ফেব্রুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেয়। সাজাপ্রাপ্ত নূর কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. ইদ্রিসের স্ত্রী। তিনি মিয়ানমার নাগরিক এবং বর্তমানে পলাতক।

মামলার নথি বলছে, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর বাকলিয়ার মীর ফিলিং স্টেশনের সামনে একটি বাস থেকে নূর তাজ ও এক শিশুকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় নূর তাজের কাছ থেকে ৬ হাজার ও শিশুটি থেকে ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালীন পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে মামলা করেন। ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি মামলার অভিযোগপত্র জমা দেয়া হয়। অভিযোগপত্রে থাকা শিশুটির বিচার চলছে শিশু আদালতে। ২০২২ সালের ৫ জানুয়ারি নূর তাজের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত নূর তাজকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। নূর তাজ জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights