মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন এক বাবা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন।
মঙ্গলবার (৩০ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (২৫) শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ঘাতক বাবা মোহাম্মদ আলী একই গ্রামের আব্দুর রশিদের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, ‘৫/৭ বছর আগে ছেলেকে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়াতে পাঠান তার বাবা। সেখান থেকে ফিরে এসে মাদকাসক্ত হয়ে উঠলে ছেলেকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। সেখানে চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে আবারো তাকে মালয়েশিয়াতে পাঠানো হয়। বছর খানেক আগে মালয়েশিয়া থেকে ফিরে আসলেও কোন কাজকর্ম করতো না আনোয়ার হোসেন। সে বাবার জমানো ৮ লাখ টাকা বিভিন্ন মাধ্যমে খরচ করে ফেলে। ফের বাবার কাছে টাকা চাইলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, এ নিয়ে বাবার সাথে প্রায়ই ঝগড়া হতো। পুকুরে চাষ করা মাছ বাবার অজান্তেই বিক্রি করে ছেলে আনোয়ার। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
মঙ্গলবার বিকেলে বাবার গোয়ালঘরে থাকা ১১টি গরুকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে ছেলে। এ সময় বাবা গিয়ে বাধা দিলে তাকেও মারধর করা হয়। এসব ঘটনার প্রেক্ষিতে ক্ষোভে মঙ্গলবার রাত তিনটার দিকে ঘুমন্ত ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে থানায় এসে পুলিশে জানায়। পরে পুলিশ বাবাকে হেফাজতে নেয়।’
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।
