রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের উদ্বোধন করা হলো রাজশাহীতে। মঙ্গলবার নগরীর শহীদ জিয়া শিশু পার্ক রোডে কেন্দ্রটির উদ্বোধন করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী।

এ সময় গাজীপুর সাফারী পার্ক থেকে আনা প্রাপ্ত বয়স্ক একটি পুরুষ ও দুইটি নারী ঘড়িয়াল প্রজনন কেন্দ্রে অবমুক্ত করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপপ্রধান বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক গোবিন্দ রায়, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা অঞ্চলের বন সংরক্ষক ছানাউল্ল্যা পাটওয়ারী, বগুড়ার সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান।

রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণি সংরক্ষক কার্যালয় সূত্র জানায়, ঘড়িয়াল বর্তমানে মহাবিপদাপন্ন প্রাণি। এক সময় বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীতে দেখা গেলেও নদী দূষণ, নদীর নাব্যতা হ্রাস, অতিরিক্ত মাছ আহরণ, অবৈধ শিকার, পাচার, ডিম নষ্ট, প্রজননে ব্যাঘাত ঘটানো ও খাদ্যে সংকটের কারণে ঘড়িয়াল এখন বিলুপ্তির পথে। তবে প্রজননের মাধ্যমে আবারো ঘড়িয়ালের বংশ বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী জানান, এখানে তিনটি নারী ও একটি পুরুষ ঘড়িয়াল রেখে প্রজনন করা। এরপর বাচ্চা ফুটিয়ে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া। এর আগে ২০১৫ সালে জাতীয় চিড়িয়াখানা ও রাজশাহী চিড়িয়াখানা মিলে প্রজননের চেষ্টা করা হয়েছিল। তবে তেমন পরিবেশ ছিল না। এবার সব ধরনের অনুকূল পরিবেশ তৈরি করে ঘড়িয়ালের প্রজননের উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights