বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে ৬ শতাংশে

অনলাইন ডেস্ক

চলতি অর্থবছরের ফেব্রুয়ারিতে দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমতে কমতে ৬ শতাংশে নেমেছে। যা গত মাসে অর্থাৎ জানুয়ারিতে ছিল ৭ শতাংশের ঘরে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হালনাগাদ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

এতে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ফেব্রুয়ারি শেষে (ফেব্রুয়ারি’২৪-ফেব্রুয়ারি’২৫) বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে মাত্র ৬ দশমিক ৮২ শতাংশ। যেখানে অর্থবছরের জন্য ঘোষিত মুদ্রানীতিতে ৯ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর তার আগের মাসেও (জানুয়ারি) বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ফেব্রুয়ারিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির হার যেখানে নেমেছে সেটি গত ২১ বছরের সর্বনিম্ন। সর্বশেষ ২০০৪ সালের ফেব্রুয়ারিতে এ খাতে ঋণ প্রবৃদ্ধি ৬ দশমিক ৮২ শতাংশের নিচে নেমেছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি শেষে দেশের বেসরকারি খাতে ব্যাংকের বিতরণকৃত ঋণের স্থিতি ছিল ১৬ লাখ ৮৪ হাজার ৩৮৩ কোটি টাকা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এ স্থিতি ১৫ লাখ ৭৬ হাজার ৯১৪ কোটি টাকা ছিল। সে হিসাবে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৬ দশমিক ৮২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights