‘মাদার অব অল বোম্বসের’ বাবা হলো ইরানি জনগণ: আলিরেজা

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের বোমা ও যুদ্ধের হুমকির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের সেনাবাহিনীর নির্বাহী বিষয়ক উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা শেখ বলেছেন, ইরানি জাতি নিজেই সব বোমা সৃষ্টি করতে সক্ষম। তারাই হলো মাদার অব বোম্বসের বাবা।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আবারও যুদ্ধ শুরুর হুমকির তীব্র নিন্দা জানিয়ে তিনি জোর দিয়ে বলেন, শত্রুর যেকোনো অতিরিক্ত বা অন্যায্য দাবির জবাব এ দেশের জনগণ দৃঢ়ভাবে প্রদান করবে। ফলে এ বিষয়ে কোনো ধরনের দুশ্চিন্তার সুযোগ নেই। বোমাবর্ষণ করে একটি দীর্ঘদিনের সভ্যতাকে কখনো ধ্বংস করা সম্ভব নয়, তাই এই জাতির বিরুদ্ধে শত্রু কখনোই তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল হতে পারবে না।

জেনারেল আলিরেজা শেখ আরও উল্লেখ করেন, বর্তমানে সবচেয়ে বড় বিষয় হলো যেকোনো হুমকি মোকাবেলায় ইরানের সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র বাহিনীর সার্বিক প্রস্তুতি। শত্রুর যেকোনো ধরনের দুঃসাহসের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং তাদের আঙুল এখন ট্রিগারে রয়েছে।

এর আগে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সমন্বয়কারী উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক ভুল হিসাব-নিকাশ না করার বিষয়ে সতর্ক করেছিলেন। সে সময় তিনি স্পষ্ট ভাষায় জানান, ওয়াশিংটনের তথাকথিত মাদার অফ অল বোম্বস বা সব বোমার মায়ের উপযুক্ত জবাব ইরান দেবে নিজেদের ফাদার অফ বোম্বস বা সব বোমার বাবা দিয়ে।

সূত্র: মেহের নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights