মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সংসদীয় ককাস গঠন

অনলাইন ডেস্ক

মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সুসংহত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী মানবাধিকার ও শান্তি সংক্রান্ত একটি সংসদীয় ককাস গঠন করা হয়েছে।

নবগঠিত এই সংসদীয় ককাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ককাসের কার্যপরিধি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চেয়ারপারসন হিসেবে মনোনীত হয়েছেন সংসদ সদস্য ফাহিমা নাসরিন।

সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে এই তথ্য জানা গেছে।

ককাসে অন্তর্ভুক্ত সংসদ সদস্য হলেন মোসাম্মৎ তাহসিনা রুশদী, হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমদ বিন কাসেম, মুহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরাত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম এবং আন্না মিন।

জানা গেছে, সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সমন্বয় আরও জোরদার করতে ১০ সদস্যের এই বিশেষ ককাস গঠন করা হয়।

উল্লেখ্য, সংসদীয় ককাস হলো নির্দিষ্ট কোনো বিষয়, নীতি বা একটি দেশকে কেন্দ্র করে সংসদ সদস্যদের নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক প্ল্যাটফর্ম। এটি সংসদের কোনো স্থায়ী কমিটি বা সাংবিধানিক প্রতিষ্ঠান নয়।

সাধারণত এ ধরনের ককাসের কাজ হলো নির্দিষ্ট বিষয়ে সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় করা, আলোচনা ও জনমত তৈরি করা, নীতিনির্ধারণে প্রভাব রাখার চেষ্টা করা, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বাড়ানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights