মানবিক বিবেচনায় নিজ গৃহেই কারাবাস বলসোনারোর

অনলাইন ডেস্ক
গণ-অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে ২৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে মানবিক কারণে নিজ বাড়িতে গৃহবন্দি থাকার অনুমতি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আইনজীবীদের আবেদনের পর আদালত তার গৃহবন্দি অবস্থা বহাল রাখার সিদ্ধান্ত নিশ্চিত করেছে।

ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরাস শুক্রবার এক রায়ে বলসোনারোকে নিজ গৃহে অন্তরীণ থাকার অনুমতি বহাল রাখেন। স্বাস্থ্যগত জটিলতার কারণে তাকে সাধারণ কারাগারে না পাঠিয়ে গৃহবন্দি রাখার সিদ্ধান্তকে মানবিক বিবেচনায় যুক্তিসংগত বলে উল্লেখ করা হয়।

২০২২ সালের নির্বাচনে লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালানোর অভিযোগে ২০২৫ সালের আগস্টে বলসোনারোকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পরের মাসেই তাকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

গ্রেপ্তারের পর প্রথমে তাকে গৃহবন্দি রাখা হলেও পরে ইলেকট্রনিক মনিটরিংয়ের আওতায় রাখা হয়। তবে নিরাপত্তা ঝুঁকি ও একাধিক ঘটনার পর তাকে ব্রাসিলিয়ার পুলিশ সদর দপ্তরের সেলে নেওয়া হয়। এরপর জানুয়ারিতে পাপুদা কারাগারে স্থানান্তর করা হয়।

কারাগারে অবস্থানকালে নিউমোনিয়া ও কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টকে আইসিইউতে ভর্তি করা হয়। গুরুতর শারীরিক অবস্থার কারণে গত ২৪ মার্চ আদালত তাকে ৯০ দিনের জন্য গৃহবন্দি রাখার অনুমতি দেয়।

পরবর্তী সময়ে ওই মেয়াদ শেষ হলে তার আইনজীবীরা পুনরায় গৃহবন্দি অবস্থা বহাল রাখার আবেদন করেন। স্বাস্থ্যগত দিক বিবেচনায় আদালত সেই আবেদন মঞ্জুর করে। আদালতের রায়ে বিচারপতি মোরাস উল্লেখ করেন, ৯০ দিনের গৃহবন্দি অবস্থায় বলসোনারোর স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং এ সময় তার বিরুদ্ধে গুরুতর অসদাচরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। রায়ে আরও বলা হয়, “বর্তমান পরিস্থিতিতে মানবিক কারণে গৃহবন্দিত্ব বজায় রাখা যুক্তিসংগত ও উপযুক্ত।”

তবে সাম্প্রতিক সময়ে একটি পুলিশ চেকপয়েন্টে তল্লাশির সময় তার নিরাপত্তাকর্মীর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র জব্দ হওয়ার ঘটনা ঘটলেও আদালতের সিদ্ধান্তে এর কোনো প্রভাব পড়েনি। ব্রাজিলের অ্যাটর্নি জেনারেলও স্বাস্থ্যগত কারণে গৃহবন্দি রাখার পক্ষে মত দেন।

গৃহবন্দি অবস্থায় থাকলেও বলসোনারো পরিবার ও রাজনৈতিক সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। ফলে আগামী নির্বাচনে প্রার্থী হতে না পারলেও রাজনৈতিক প্রভাব ধরে রাখার সুযোগ থাকবে তার।

তথ্য সূত্র- রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights