মানিকগঞ্জে বাড়ছে লাভজনক কলার আবাদ
মানিকগঞ্জ প্রতিনিধি
সুস্বাদু ও দেখতে সুন্দর হওয়ার কারণে সারাদেশেই মানিকগঞ্জের কলার চাহিদা বেশি। জেলার সর্বত্রই কলার আবাদ হয়ে থাকে। তবে সাটুরিয়া, সিংগাইর, হরিরামপুর ও সদরে কলার আবাদ বেশি হয়। জেলায় সাধারণত সবরি, সাগর ও কাচকলার আবাদ বেশি হয়ে থাকে। ব্যাপক চাহিদা ও ভাল দাম পাওয়ায় কৃষকরা কলা চাষে আগ্রহী হয়ে উঠছে। বাণিজ্যিক ও পারিবারিক ভাবে কলার আবাদ হয়ে থাকে।
সরেজমিনে দেখা যায়, পারিবারিক ভাবে লোকজন বাড়ির আঙ্গিনায়, রাস্তার ধার পরিত্যাক্ত জায়গায় কলার আবাদ করছেন। ভাল দাম পাওয়ায় অনেকেই কলাগাছ রোপণ করছেন।
সাটুরিয়া এলাকার সাধন সাহা জানান, আমরা কোনদিন বাজার থেকে কলা কিনে খাইনি। বাড়িতে সকল ধরনের কলা গাছ আছে। নিজেরা খাওয়ার পর প্রতিবছর ত্রিশ-চল্লিশ হাজার টাকার কলা বিক্রি করি। আমাদের জায়গা কম তাই বেশি করে চারা লাগাতে পারি না।
তিনি আরও বলেন, কোন খরচ নাই্ শুধু একবার চারা রোপণ করলেই হয়। তিনি সকলকে বাড়িতে কলার চারা রোপণের পরামর্শ দেন।
কলা ব্যবসায়ী রুপচান আলী জানান, মানিকগঞ্জের কলা থাকলে অন্য এলাকার কলা বিক্রি কম হয়।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানাজায়, মানিকগঞ্জের মাটি কলা চাষের জন্য উপযোগী হওয়ায় কলার আবাদ বাড়ছে।
