মালয়েশিয়া গমনকাল নারী-শিশুসহ ২১৪ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’ গভীর সমুদ্র থেকে ২১৪ জন মিয়ানমারের নাগরিকসহ ‘এফভি কুলসুমা’ নামক একটি মাছ ধরার নৌকা আটক করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- আটককৃতরা সকলেই মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

নৌবাহিনীর সূত্রে জানা যায়- সেন্টমার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি মাছ ধরার নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’। তাৎক্ষণিকভাবে নৌবাহিনী জাহাজ মাছ ধরার নৌকা ‘এফভি কুলসুমা’র নিকট পৌঁছায় এবং এর গতিপথ রোধ করে। এসময় নৌকাটিতে তল্লশি চালিয়ে ২১৪ জন যাত্রীকে আটক করা হয়। যাদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে। আটকৃত ব্যক্তিদের সকলেই মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক বলে জানা যায়।

সূত্র আরও জানায়, নৌকাটি সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত মাছ ধরার নৌকা ও মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশনের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights