মিয়ানমার-বাংলাদেশের সমন্বয়ে সীমান্ত বাণিজ্য পরিচালিত হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারের সংঘাতের কারণে প্রায় এক বছর বন্ধ থাকা কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর লক্ষ্যে টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান। এ সময় তিনি ওয়্যারহাউস ও বন্দরসংলগ্ন পণ্য পরিদর্শন করেন।
সোমবার বেলা সাড়ে ১১টায় তিনি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদী সংলগ্ন স্থলবন্দরে পৌঁছে সংশ্লিষ্ট সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এর আগে, ৯ মার্চ জেলা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
পরিদর্শনের পরে সাংবাদিকদের তিনি জানান, স্থলবন্দর পুনরায় সচল করার কার্যক্রম শুরু হয়েছে। আমরা ব্যবসায়ী, বিজিবি, কোস্টগার্ডসহ সকল স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করেছি। আজ থেকে এই কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা বাণিজ্য কার্যক্রম চালিয়ে যেতে চাই। মিয়ানমার ও বাংলাদেশের সমন্বয়ে সীমান্ত বাণিজ্য পরিচালিত হবে। সেই ভিত্তিতেই টেকনাফ স্থলবন্দর পুনরায় চালু করা হয়েছে।
