মুন্সীগঞ্জে অসহায় বৃদ্ধ দম্পতির পাশে উপজেলা প্রশাসন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় বৃদ্ধ দম্পতির ভিডিও ভাইরাল হওয়ার পর তাদের পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা মিয়া দম্পতির ভিডিও ভাইরাল হয়। পরে বৃহস্পতিবার রাতে উপজেলা প্রশাসন অসহায় দম্পতির সাহায্যে এগিয়ে আসে।

সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকায় বসবাসরত প্রবীণ দম্পতি তারা মিয়া (৮০) ও মমতাজ বেগম (৬৫)-এর সন্তানহীন জীবনসংগ্রামের বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

উপজেলা প্রশাসন জানায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তথ্য যাচাই-বাছাই করে দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিকভাবে তাদের জন্য সম্পূর্ণ রমজান মাসের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে এবং বয়স্ক ভাতা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি পরবর্তীতে তাদের আবাসন ও সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদুর রহমান জানান, মানবিক দায়িত্ববোধ থেকে উপজেলা প্রশাসন সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights