মুন্সীগঞ্জে পুকুর ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উত্তর ইসলামপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধশত মানুষ অংশ নেন। এ সময় তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে পুকুর ভরাট বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (পোড়া স্কুল) সংলগ্ন প্রায় ৬৬ শতাংশের একটি পুকুর ভরাট করা হচ্ছে। পুকুরটি ভরাট হলে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা দেখা দিতে পারে।
স্থানীয় বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, বিদ্যালয় সংলগ্ন পুকুরটি প্রায় ৬৫ শতাংশ জায়গাজুড়ে রয়েছে। এটি ভরাট হয়ে গেলে এলাকায় আর কোনো পুকুর অবশিষ্ট থাকবে না। সেজন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে কোনো অনিয়ম হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তবে পুকুর ভরাটের অভিযোগ অস্বীকার করেছেন মো. নাফিজ প্রধান। তিনি বলেন, ‘আমি আমার ক্রয় করা দুই শতাংশ জমি ভরাট করেছি। ওই পুকুরে মোট ৬৬ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে আমার ৩৪ শতাংশ জমি কেনা এবং আমার নামে নামজারি রয়েছে। আমি কারও জমি ভরাট করছি না। আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, শহরে পুকুর ভরাটের বিষয়টি তিনি জেনেছেন। সরেজমিনে পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নিতে সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।
