মুন্সীগঞ্জে সিগারেটের দাম নিয়ে দ্বন্দ্বে খুন হলেন দোকানি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল চরকেওয়ারে দুইটি সিগারেটের দাম নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে গুরুতর জখম হয়ে দুইদিন চিকিৎসাধীন থাকার পর মাহিম সরকার (২০) নামে এক দোকানির মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত নাঈম সরকার (২৬) পুলিশের হাতে আটক হয়ে বর্তমানে জেল হাজতে রয়েছেন।
নিহত মাহিম বাঘাইকান্দি এলাকার সবুজ সরকারের পুত্র। আর গ্রেফতার হওয়া নাঈম একই এলাকার মৃত রহমান শিকদারের পুত্র।
শুক্রবার দুপুর দেড়টার দিকে মাহিম রাজধানীর কাকরাইল এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
চরকেওয়ার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ও নিহতের খালাতো ভাই রাকিব হোসেন রকি এসব তথ্য নিশ্চিত করেন।
এদিকে, এ ঘটনায় গত বুধবার অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত নাঈম সরকারকে (২৬) আটক করে পুলিশ। ওইদিনই এ ঘটনায় সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন মাহিমের বাবা সবুজ সরকার।
