মূল জাতীয় পার্টি নির্ধারণ না হওয়া পর্যন্ত লাঙ্গল প্রতীক স্থগিত চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির কোনো কাউন্সিল বৈধভাবে অনুষ্ঠিত হয়নি দাবি করে মূল দল নির্ধারণ না হওয়া পর্যন্ত প্রতীক ‘লাঙ্গল’ কোনো অংশকে না দিয়ে স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে। এরশাদ সময়ের যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিক নির্বাচন কমিশনে এই আবেদন করেছেন। কাজী আশরাফ সিদ্দিক বলেন, পার্টির গঠনতন্ত্রের পরিপন্থি পন্থায় জি এম কাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পরবর্তীতে নবম সম্মেলনের মাধ্যমে চেয়ারম্যান হয়েছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর আর্টিকেল ৯০ (খ) (১) অ এবং বাংলাদেশ সংবিধানের আর্টিকেল ১১ অনুযায়ী অষ্টম সম্মেলনের অনুমোদিত জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী ২০ ধারা উপধারা-২, খ অনুচ্ছেদ এ সিনিয়র কো-চেয়ারম্যান বহাল থাকা অবস্থায় কো-চেয়ারম্যান কোনোভাবেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার কোনো সুযোগ নাই। এই অবস্থায় জাতীয় পার্টির অষ্টম সম্মেলনের নির্বাহী কমিটি এবং অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালিত হতে হবে। গঠনতন্ত্রের ২০ উপধারা ২-খ অনুসারে সিনিয়র কো-চেয়ারম্যান পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত হয় এবং পরবর্তী কার্যক্রম গ্রহণ এবং তাহার মাধ্যমে যাহাতে সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বর্তমান অবৈধ চেয়ারম্যানের কার্যক্রম বাতিল বা বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights