মেসির বিদায়ী ম্যাচ দেখতে মরিয়া আর্জেন্টাইনরা, দুই ঘণ্টার আগেই শেষ সব টিকিট
অনলাইন ডেস্ক
লিওনেল মেসিকে শেষবারের মতো দেশের জার্সিতে মাঠে দেখতে চান আর্জেন্টাইন সমর্থকেরা। সেই উন্মাদনারই প্রমাণ মিলল বিদায়ী ম্যাচের টিকিট বিক্রিতে। টিকিট ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বিপুলসংখ্যক সমর্থক হুমড়ি খেয়ে পড়েন ওয়েবসাইটে। চাপ সামলাতে না পেরে একপর্যায়ে অচল হয়ে পড়ে টিকিট বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম। এরপর দীর্ঘ অপেক্ষার পরও যারা টিকিট কেনার সুযোগ পেয়েছেন, তারাও বেশিক্ষণ পাননি। দুই ঘণ্টার কম সময়ে শেষ হয়ে যায় সব টিকিট। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় শুরু হয় টিকিট বিক্রি।
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতির এই ম্যাচটিই মেসির দেশের মাটিতে শেষ ম্যাচ হতে পারে বলে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ‘ডেপোরটিক’-এর ওয়েবসাইটে বিক্রি শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই ঢুকে পড়েন বিপুলসংখ্যক সমর্থক। একসঙ্গে এত মানুষের চাপ সামলাতে না পেরে ওয়েবসাইটে দেখা দেয় জটিলতা।অনেকের সামনে ভেসে ওঠে, টিকিট কিনতে তাঁদের আরও এক ঘণ্টার বেশি অপেক্ষা করতে হবে।
দীর্ঘ অপেক্ষার বার্তা দেখে অনেক সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। কারও কারও আশঙ্কা ছিল, ভার্চ্যুয়াল লাইনে এত দীর্ঘ সময় অপেক্ষা করেও শেষ পর্যন্ত হয়তো টিকিট পাওয়া যাবে না।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’ও টিকিট কেনার প্রক্রিয়াটি অনুসরণ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, ভার্চ্যুয়াল লাইনে প্রবেশের ৭০ মিনিট পরও অপেক্ষার সময় কমেনি। বরং টিকিট কেনার সুযোগ পেতে আরও এক ঘণ্টার বেশি অপেক্ষার বার্তাই দেখাচ্ছিল ওয়েবসাইট।
মনুমেন্তাল স্টেডিয়ামে প্রায় ৮৫ হাজার দর্শকের জায়গা রয়েছে। তবে পুরো স্টেডিয়ামের আসনের টিকিট সাধারণ দর্শকদের জন্য ছাড়া হয়নি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন স্পনসর ও সহযোগীদের জন্যও টিকিট বরাদ্দ রেখেছিল। ফলে সাধারণ সমর্থকদের জন্য বিক্রির টিকিটের সংখ্যা ছিল আরও কম। তবু শেষ মুহূর্ত পর্যন্ত টিকিট পাওয়ার আশায় অপেক্ষায় ছিলেন হাজারো সমর্থক।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে এক সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি দীর্ঘ ভার্চ্যুয়াল লাইন পেরিয়ে টিকিট কেনার সুযোগ পেয়েছেন। তবে তখনও কেবল ওপরের সারির কয়েকটি আসন অবশিষ্ট ছিল। সেসব টিকিটের দাম ছিল ৩ লাখ ২০ হাজার পেসো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার টাকা।
এর মাত্র ১৩ মিনিট পর, সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে, আরেক ব্যবহারকারী জানান, সব টিকিট শেষ। তখনো অনেক সমর্থক ওয়েবসাইটে এক ঘণ্টার বেশি অপেক্ষার বার্তা দেখছিলেন।
মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনার এই টিকিট-উন্মাদনা যেন আরও একবার দেখিয়ে দিল, জাতীয় দলের জার্সিতে তাকে শেষবার মাঠে দেখার আকাঙ্ক্ষা কতটা তীব্র।
