মোংলায় চুরির অভিযোগে দুইজনের কারাদণ্ড

মোংলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় চোরাই মালামালসহ আটক দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে শাকিল হাওলাদারকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং আবুল হোসেনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় মোংলা পৌর শহরের রিজেকশন গলি এলাকা থেকে চোরাই মালামালসহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শাকিল হাওলাদার (২২) ও আবুল হোসেন (২৩)। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তাঁরা চুরিকে পেশা হিসেবে নেওয়ার কথা স্বীকার করেন। স্থানীয়দের কাছেও তাঁরা নেশার টাকা জোগাড় করতে নিয়মিত চুরি করার কথা স্বীকার করেছিলেন বলে জানা গেছে।

পরে সোমবার সকালে তাদের বাগেরহাট আদালতে পাঠায় পুলিশ। দুপুরে আদালতে তোলা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে শাকিলকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং আবুল হোসেনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, অন্যায়ের বিরুদ্ধে স্থানীয় জনগণের বলিষ্ঠ ভূমিকার জন্য পুলিশ কৃতজ্ঞ। যেকোনো অপরাধ দমনে জনগণ পুলিশের পাশে থেকে সহযোগিতা করবে বলে তিনি প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights