মোংলার লোকালয় থেকে হরিণ উদ্ধার, অনুসন্ধানে বনবিভাগ
মোংলা প্রতিনিধি
মোংলার লোকালয় থেকে উদ্ধার হওয়া একটি চিত্রা হরিণ সুন্দরবনে ফেরত পাঠানো হয়েছে। রবিবার তেলিখালী এলাকা থেকে গ্রামবাসীর সহায়তায় হরিণটি উদ্ধার করে বনবিভাগ।
তবে হরিণটি পশুর নদী সাঁতরে লোকালয়ে এসেছে নাকি চোরা শিকারিরা ধরে এনেছে তা নিয়ে বনবিভাগের অনুসন্ধান চলছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, হরিণটিকে ছোটাছুটি করতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বনবিভাগের সদস্যরা হরিণটি উদ্ধার করে। তবে হরিণটি সুস্থ থাকায় তাকে আবার আবার বনে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয়রা বলেছেন, পশুর নদীর পার হয়ে হরিণটি রবিবার কোনো এক সময়ে তেলিখালী এলাকায় চলে আসে। পরে ওই এলাকায় ছোটাছুটি করতে থাকে।
তবে এমন বক্তব্য মানতে নারাজ বনবিভাগের কর্মকর্তা দীপন চন্দ্র দাস। তিনি বলেন, এত বড়ো পশুর নদী পার হয়ে একটি হরিণ লোকালয়ে চলে আসা সম্ভব নয়। তার ধারণা, চোরা শিকারিরা তাকে শিকার করে আনার পর কেউ দেখে ফেলায় ছেড়ে দিয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে।
