মোরেলগঞ্জে আটশ’ ঘের প্লাবিত, পানিবন্দি তিনশ’ পরিবার
অনলাইন ডেস্ক
মৌসুমী বায়ুর প্রভাবে গত দুই দিনের ভারী বর্ষণে বাগেরহাটের মোরেলগঞ্জে ৮৫০টি মাছের ঘের ডুবে গেছে। মোরেলগঞ্জ পৌরসভাসহ নিচু এলাকায় কমপক্ষে ৩০০ পরিবার এখনো পনিবন্দী অবস্থায় রয়েছে।
রবি, সোম ও মঙ্গলবারের টানা ৩ দিনের বৃষ্টিতে ঘেরগুলো ডুবে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি সংশ্লিষ্টদের। অবিরাম বর্ষণে পানি জমে পৌরসভার বারইখালী, পূর্ব সরালিয়া, কাঠালতলা, সানকিভাঙ্গা, শুভরাজকাঠিসহ নিশানবাড়িয়া, গাবতলা ও কাঠালতলা গ্রামে কমপক্ষে ৩০০ পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন। পানি জমে থাকায় ১২৩ নং মোরেলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম মঙ্গলবারও বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, বহরবুনিয়া, পঞ্চকরণ ও জিউধরা ইউনিয়নের ৮৫০টি মৎস্য ঘের ডুবে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার বলেন, শিশুদের পাঠদানের জন্য নিরাপদ পরিবেশ এখনো তৈরি হয়নি। তাই কয়েকটি শ্রেণির পাঠদান বন্ধ রাখা হয়েছে।
পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুদার বলেন, নদীর তীরবর্তী এ শহরটি অনেক নিচু। শহররক্ষা বাঁধ না থাকায় বৃষ্টি ও জোয়ারের পানি অনেক এলাকায় আটকে থাকে। এ সমস্য নিরসনের জন্য যথেষ্ট বরাদ্দ পৌরসভায় নেই। বরাদ্দ পেলে পর্যাপ্ত ড্রেন নির্মাণ করা হবে।
