যশোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু
নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরে শুরু হয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। রবিবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম।
এ সময় সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ উপস্থিত ছিলেন।
রবিবার উদ্বোধনী দিনের খেলায় বালক ও বালিকা উভয় বিভাগে জয়ী হয়েছে শার্শা উপজেলা দল। বালক বিভাগে শার্শা উপজেলা দল তিন গোলে পরাজিত করে মণিরামপুর উপজেলা দলকে। আর বালিকা বিভাগে শার্শা উপজেলা দল চার গোলে মণিরামপুর উপজেলা দলকে পরাজিত করে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি।
