যাত্রাবাড়ীতে বোন জামাইয়ের কোপে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক

ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় পারিবারিক বিরোধের জেরে মো. ইয়াসিন (৩০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (১ জুন) রাতে কাজলা স্বপ্ন মার্কেট সংলগ্ন ‘মায়ের দোয়া হোটেল’-এর সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত ইয়াসিন চাঁদপুর সদর উপজেলার বাগাদি গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

নিহতের স্ত্রী শারমিন জানান, ইয়াসিন তার খালাতো বোন জামাই আলামিনের কাছে পাওনা ১০ হাজার টাকা চাইতে যান। এ নিয়ে কাজলা ‘মায়ের দোয়া হোটেল’-এর সামনে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে আলামিন ওই হোটেল থেকে একটি বটি নিয়ে এসে ইয়াসিনকে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা ইয়াসিনকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights