যুক্তরাষ্ট্রকে চোখ রাঙালেন কিম জং উনের বোন

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের বোন ও দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির উপ-পরিচালক কিম ইয়ো-জং বলেছেন, যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়াকে একটি স্থায়ী পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে বিবেচনা করেই যেকোনো কথা বলতে হবে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ডিপিআরকে’র (উত্তর কোরিয়া) পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে অপরিবর্তনীয় অবস্থানকে স্বীকার করেই ভবিষ্যতের যেকোনো আলোচনা হতে হবে।

তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে দেন, যুক্তরাষ্ট্র যদি এখনও ভেবে থাকে যে কিম জং-উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ব্যবহার করে উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণে বাধ্য করা যাবে, তবে তা হবে উপহাস।

কিম ইয়ো-জং আরও বলেন, ডিপিআরকে ও যুক্তরাষ্ট্র উভয়েই পারমাণবিক অস্ত্রধারী দেশ হওয়ায় যদি সম্পর্ক সংঘাতপূর্ণ দিকে এগোয়, তবে তা কারও জন্যই উপকারী হবে না। তবুও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাস্তবতাকে অস্বীকার করার যেকোনো প্রচেষ্টা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যাত হবে।

তিনি জানান, ২০১৮ ও ২০১৯ সালে কিম জং-উন ও ট্রাম্পের মধ্যকার ঐতিহাসিক বৈঠকগুলো যেভাবে ফলপ্রসূ হয়নি, এবারও যদি যুক্তরাষ্ট্র পুরনো কৌশলে ফিরে যায়, তবে সেই সংলাপ কেবল যুক্তরাষ্ট্রের একতরফা আশা হিসেবেই থেকে যাবে।

উত্তর কোরিয়া বর্তমানে আনুমানিক ৫০টি পারমাণবিক অস্ত্রের মালিক এবং এই অস্ত্রসম্ভারকে তারা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে ‘জরুরি প্রতিরক্ষা’ বলেই দাবি করে থাকে পিয়ংইয়ং।

সূত্র: আরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights