যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফ্রিস?
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নেতৃত্বে ঐতিহাসিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হতে পারেন। এই পদে নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার গৌরব অর্জন করবেন হাকিম জেফ্রিস। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বে বড় ভূমিকা রাখবেন তিনি।
২০১৩ সালে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য হন হাকিম জেফ্রিস। এর কিছুদিন পরই দলের কয়েকজন জ্যেষ্ঠ কৃষ্ণাঙ্গ নেতা তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করেন। তাদের অনেকের ধারণা ছিল, একদিন জেফ্রিসই হবেন প্রতিনিধি পরিষদের স্পিকার।
সাবেক কংগ্রেস সদস্য এডি বার্নিস জনসন তখন বলেছিলেন, আমার মনে হয়, হাকিম জেফ্রিসই সেই মানুষ।
ওই সময় সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সদস্য ইমানুয়েল ক্লিভার। তার মনে আছে, প্রতিনিধি পরিষদের অধিবেশনকক্ষে নিজের নির্ধারিত আসনে বসেই জনসন কথাটি বলেছিলেন।
এর কয়েক মাসের মধ্যে নিয়মিত নৈশভোজে মিলিত হতে শুরু করেন জ্যেষ্ঠ কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাট নেতারা। এসব বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল জেফ্রিসের রাজনৈতিক ভবিষ্যৎ। তাদের পরিকল্পনা ছিল, ন্যান্সি পেলোসি অবসর নিলে তার জায়গায় জেফ্রিসকে স্পিকার পদে বসানো। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার নির্বাচিত করাই ছিল তাদের লক্ষ্য। এ তথ্য জানিয়েছেন ওই আলোচনায় অংশ নেওয়া একাধিক ব্যক্তি।
প্রায় দেড় দশক পর সেই পরিকল্পনা বাস্তব হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বড় কোনো রাজনৈতিক অঘটন না ঘটলে আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হতে পারেন জেফ্রিস।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উত্তরাধিকার নির্ধারণের সাংবিধানিক ধারাবাহিকতায় ভাইস প্রেসিডেন্টের পরই স্পিকারের অবস্থান। ফলে এই পদে নির্বাচিত হলে ট্রাম্প প্রশাসনের শেষ দুই বছরে জেফ্রিসের রাজনৈতিক গুরুত্ব অনেক বেড়ে যাবে। বিশেষ করে নতুন শক্তি পাওয়া ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি।
কংগ্রেস সদস্য ইমানুয়েল ক্লিভারের মতে, জেফ্রিসের নেতৃত্বে ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই প্রশাসনের অনেকেরই রাতে নিশ্চিন্তে ঘুমানো উচিত নয়।
তার মতে, ট্রাম্প প্রশাসনকে কঠিন রাজনৈতিক চাপে ফেলবেন জেফ্রিস ও ডেমোক্র্যাটরা।
তথ্যসূত্র : সিএনএন
