যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলার দাবি ইরানের
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের দাবি, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি জাহাজ এবং অনুমতিবিহীন রুটে হরমুজ প্রণালি অতিক্রম করা তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।
শনিবার ইরানের দুটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর যুক্তরাষ্ট্র তিনটি ইরানি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর কথা জানায়। এর কয়েক ঘণ্টা পর পাল্টা হামলার দাবি করে আইআরজিসি।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের পর তারা তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। সংস্থাটির দাবি, এসব হামলায় কোনো মার্কিন সেনা আহত হননি। তিনটি জাহাজের মধ্যে এম/টি ডাউনি ও এম/টি স্টার্ক-১ ‘স্থায়ীভাবে অচল’ এবং খালি থাকা এম/টি কাইলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।
এর জবাবে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালিতে ‘অনুমতিবিহীন’ রুটে চলাচলকারী তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে। পাশাপাশি অন্য এলাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি জাহাজেও হামলার দাবি করেছে তারা।
পরবর্তী এক বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করে, ইরানি জাহাজকে হয়রানি করা এবং তাদের ওপর আরোপিত নৌ অবরোধ কার্যকর করার অভিযোগে একটি মার্কিন বিমানবাহী রণতরি ও একটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার লক্ষ্য করে ‘বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছোড়া হয়েছে।
ইরানের হামলার দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার রাতে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও জানায়, উত্তর আরব উপসাগর ও ওমান উপসাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলা জাহাজকে সম্পূর্ণ অচল করে দেওয়ার মতো শক্তিশালী ছিল বলে জানিয়েছে সংস্থাটি। তবে হামলায় হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র: রয়টার্স, আল জাজিরা
