যুব সমাজকে নষ্ট করতে একটি মহল মাদক পাচার করছে: দুলু

নাটোর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের উন্নয়নের ধারায় বর্তমান সরকার যুব সমাজকে ব্যাপকভাবে সম্পৃক্ত করেছে। এই সুযোগ গ্রহণ করে নতুন বাংলাদেশ বির্নিমাণে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে দক্ষতা অর্জনের মাধ্যমে যুব সমাজকে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্য বিষয়ে রবিবার নাটোরে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু বলেন, যুব সমাজ হচ্ছে যেকোনো দেশের প্রাণ। তাই যুব সমাজকে মাদক, নেশা ও সন্ত্রাসমুক্ত রাখতে হবে। যে কোনো দেশের যুব সমাজ মাদক, নেশা ও সন্ত্রাসমুক্ত থাকলে সেই দেশের উন্নতি কেউ ঠেকাতে পারবে না। একটি মহল আমাদের দেশের যুব সমাজকে নষ্ট করতে নানা প্রকার মাদক পাচার করছে, তাদের বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।

নাটোর জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক এ টি এম গোলাম মাহবুব, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যুব মেলার আয়োজন করা হয়। এছাড়া জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights