যুবদল নেতা কাউছার হত্যা মামলার প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় যুবদল নেতা মো. আবু কাউছার (৪০) হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে কুমিল্লা নগরীর নূরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, শুক্রবার সদর উপজেলার ছত্রখিল এলাকায় তৌহিদ ও তার সহযোগীরা যুবদল নেতা কাউছারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় কাউছারকে বাঁচাতে এগিয়ে গেলে এক অটোরিকশাচালককেও ছুরিকাঘাত করা হয়। পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কাউছারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন অটোরিকশা চালক।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, হত্যাকাণ্ডের পর তৌহিদ নূরপুর এলাকার একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। পরে শুক্রবার রাতে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় নিহত কাউছারের স্বজনরা আজ মামলা দায়ের করবেন।
