যুবদল নেতা ব্রাজিল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় আলোচিত দুই ডজনেরও বেশি মামলার আসামি যুবদল নেতা বিরাজুল ইসলাম ওরফে ব্রাজিল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আকতারুল মেম্বারকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল বুধবার বিকালে বগুড়া শহরের উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আকতারুল কাহালু উপজেলার সামন্তাহার (পোড়াপাড়া) এলাকার মৃত মোবা পাগলার ছেলে। সে ব্রাজিল হত্যা মামলার তিন নম্বর আসামি। র‌্যাবের দাবি, ব্রাজিল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন এই আকতারুল মেম্বার।
বৃহস্পতিবার সকালে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এসব তথ্য জানান।

জানা যায়, গত শনিবার রাতে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকার তালুকদারপাড়া মোড়ে ২৯টি মামলার আসামি ও যুবদল নেতা ব্রাজিলকে কুপিয়ে হত্যা করা হয়। বিরাজুল ইসলাম ওরফে ব্রাজিল বগুড়া শহরের চারমাথা বন্দর শাখা যুবদলের সাবেক সভাপতি ছিলেন। সে বগুড়া শহরের দক্ষিণ গোদার পাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে।

সম্প্রতি একটি মামলায় জামিনে বের হয়ে কাহালু উপজেলার পোড়াপাড়ায় শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করছিলেন ব্রাজিল। বিগত কয়েক মাসে ধরে তিনি ক্ষমতাসীন দলের রাজনীতি এবং নেতাকর্মীদের সাথে উঠাবসা করছিলেন। ব্রাজিল হত্যাকাণ্ডের পরদিন নিহতের মা আঞ্জুয়ারা বিবি মো. মুনছুরকে প্রধান করে ৮ জনের নাম এবং অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় হত্যার কারণ হিসেবে পুকুর চাষ ও রাজনৈতিক কারণে বিরোধের কথা উল্লেখ করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, মামলা দায়ে করার পর র‌্যাব আসামিদের ধরতে ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকালে উপশহর এলাকায় অভিযান চালিয়ে আকতারুল মেম্বারকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, আকতারুল মেম্বার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় প্রায় দুই বছর আগে ব্রাজিলের নেতৃত্বে তার ৫ বিঘা একটি পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলেছিল। পরবর্তীতে এই পুকুরটি ব্রাজিল দখল করে নেয়। সেই ক্ষোভে সে তখন থেকেই ব্রাজিলকে হত্যার পরিকল্পনা করে। এরই সূত্র ধরে গত ৮ জুন রাতে আকতারুল মেম্বারসহ সাতজন পূর্ব পরিকল্পনা অনুযায়ী ব্রাজিলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলাটির তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা শাখা ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

বগুড়া ডিবির ওসি মুস্তাফিজ হাসান জানান, ব্রাজিল হত্যা মামলার আসামি আকতারুল মেম্বারকে র‌্যাবের মাধ্যমে পেয়েছি। এ মামলায় আর কোনো আসামি গ্রেফতার নেই। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights