রংপুরে বাস পুকুরে পড়ে নিহত ২, আহত ২০

অনলাইন ডেস্ক

রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে উল্টে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে পীরগাছা উপজেলার দেউতি বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, রংপুর সিটি করপোরেশনের নজিরের হাট এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী ৫০-৬০ জন গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় একটি বিয়ে বাড়িতে বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে রংপুর সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা জব্বারের দোকান সংলগ্ন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে এলাকাবাসী ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দুইজনের লাশ উদ্ধার করেন। এখনও পুরোপুরি উদ্ধার কাজ শেষ হয়নি।

পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights