রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকারি বনভূমি জবরদখল মুক্ত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। এ সময় রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনসহ বিভাগের দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের অধীন কোদালা বিটে উচ্ছেদ অভিযানে এ ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা যায়, কোদালা বিটের ‌‘এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক রাঙ্গুনিয়া’র পার্কিং সংলগ্ন এলাকায় অবৈধভাবে নির্মিত দুটি ঘর ও ঘেরা-বেড়া উচ্ছেদ করে বন বিভাগের একটি দল। পরবর্তীতে ওই এলাকায় আরও একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে দখলদাররা বাধা দেয়। এ সময় উদ্ভূত পরিস্থিতিতে সাময়িকভাবে অভিযান স্থগিত রাখা হয়।

রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন জানান, পরে ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত হলে তিনি (মেহরাজ) সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যান। এ সময় দখলদারদের পক্ষের ২০০-২৫০ জন লোক এসে হামলা চালায়। কিল-ঘুষিতে তিনি নিজে এবং বন বিভাগের আরেক কর্মী আহত হন।

মেহরাজ আরও জানান, তিনি প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এ অভিযানে সরকারি ৫ একর ভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights