রাজনৈতিক গুঞ্জনে নিজের অবস্থান স্পষ্ট করলেন জিৎ

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সরব ছিল টালিউডও। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপির কেন্দ্রীয় নেতারা। একই মঞ্চে দেখা যায় টালিউডের একঝাঁক জনপ্রিয় তারকাকেও।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, যীশু সেনগুপ্ত, মমতা শংকর, ঋষি কৌশিক ও পায়েল সরকার-সহ আরও অনেকে।

তবে অনুষ্ঠানে অভিনেতা জিৎ-এর উপস্থিতির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা। দীর্ঘদিন ধরেই রাজনীতি থেকে দূরে থাকা এই অভিনেতাকে বিজেপির আয়োজনে দেখা যাওয়ায় অনেকেই প্রশ্ন তোলেন, তবে কি তিনি এবার রাজনীতির পথে হাঁটছেন?

অবশেষে এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন জিৎ। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক লিখিত বার্তায় তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

অভিনেতা বলেন, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণের সম্মান রাখতেই তিনি অনুষ্ঠানে উপস্থিত হন। একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময়ও তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

জিৎ আরও বলেন, সব রাজনৈতিক দলকেই তিনি সম্মান করেন। তবে তার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে এমন গুজব না ছড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।

সূত্র : আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights