রাজশাহী মেডিকেলে ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রামেক হাসপাতালে এ বছর মোট ৩৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

বর্তমানে ১২৭ জন ডেঙ্গু রোগী রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন।

আজ শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রামেক হাসপাতালে ডেঙ্গুতে মারা যাওয়া চারজন হলেন নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আজগর আলীর ছেলে রবিউল ইসলাম (৪২), নওগাঁ জেলার আত্রাই উপজেলার মো. সাকিমের ছেলে মো. ফারুক (৪৩), রাজশাহীর বাঘা উপজেলার জিল্লুর রহমানের ছেলে আরাফাত রহমান (১৪) ও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার পুলক কুমার চক্রবর্তী (৭০)।

রামেক হাসপাতাল পরিচালক জানান, ডেঙ্গু পজিটিভ রোগীদের মধ্যে কেবল রবিউল ইসলামের ভারত ভ্রমণের ইতিহাস ছিল। এছাড়া বাকি তিনজনই নিজ নিজ জেলায় ডেঙ্গু পজিটিভ হয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩৮ জন। আর এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন- পাঁচ হাজার ১৭ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে চার হাজার ৮৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights