রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বইছে মাঝারি শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার ভোর ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
একই সঙ্গে জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল সোমবারের তুলনায় একদিনেই তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। ফলে চলতি শীত মৌসুমে এবারই প্রথম সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রিতে নেমে এলো। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল শতভাগ।
ঘন কুয়াশার কারণে এদিন ভোরে দৃশ্যমানতা কমে দাঁড়ায় মাত্র ৬০০ মিটারে। সকালজুড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
জেলা আবহাওয়া অফিস আরও জানায়, সোমবার রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ।
