একসময় ইন্ডিয়া নিজেরা নিজেরাই ক্রিকেট খেলবে, যেমন ‌‘ইন্ডিয়া বনাম ভারত’

শোবিজ ডেস্ক
বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়া নিয়ে সরব দেশের ক্রিকেটাঙ্গন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে জল অনেক দূর গড়িয়েছে। এর জেরে সিদ্ধান্ত এসেছে, ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ দল। পাশাপাশি দেশে আইপিএল-সংশ্লিষ্ট সব সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজের বাদ পড়া নিয়ে ক্ষোভে ফুঁসছেন বাংলাদেশি নাগরিকরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বইছে সমালোচনার ঝড়।

বিষয়টি নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। রবিবার (৪ জানুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি লেখেন, একসময় ইন্ডিয়া কারও সঙ্গে ক্রিকেট খেলবে না, তারা নিজেরা নিজেরাই খেলবে। যেমন ‘ইন্ডিয়া বনাম ভারত’।

প্রখ্যাত এ বাউলশিল্পীর এমন মজার পোস্ট মুহূর্তেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষে সই করেন সহকারী সচিব ফিরোজ খান।

প্রসঙ্গত, ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলোর লাগাতার বিক্ষোভের মুখে গত শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেন। এর পরপরই কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে জানায়, মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights