রাজশাহীতে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর মোহনপুর উপজেলায় সাড়ে তিন বছরের শিশুকে বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর (৫০) বিরুদ্ধে। শুক্রবার এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

স্বজনদের অভিযোগ, শুক্রবার বিকেলে অভিযুক্ত ব্যক্তিটি ওই শিশুটিকে তার বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি প্রতিবেশীরা টের পেলে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে মোহনপুর থানায় নেওয়া হয়। স্বজনদের দাবি, পুলিশের পক্ষ থেকে আইনি সহযোগিতা না পেয়ে শিশুটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু ও স্বজনদের কাছ থেকে ঘটনা শুনে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

স্বজনদের ভাষ্য, অভিযুক্ত ব্যক্তির পক্ষের কিছু মানুষের চাপের মুখে শিশুটিকে হাসপাতালে ভর্তি না করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করানো হয়।

শিশুটির মা বলেন, কৌশলে ওই ব্যক্তি (অভিযুক্ত) তার বাড়ির ছাদে মেয়েকে ডেকে নেয়। পরে ধর্ষণের চেষ্টা করে। এই কর্মকাণ্ড কিছুতেই মেনে নিতে পারছি না। এ ঘটনার কঠিন বিচার দাবি করছি।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights