রাজা তৃতীয় চার্লসকে বাংলাদেশে আমন্ত্রণ, রানিকে দেওয়া হলো জামদানি
যুক্তরাজ্য অফিস
রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসোর্ট ক্যামিলাকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জনমতের সাবেক সম্পাদক নবাব উদ্দিন। বুধবার সকালে বাংলাদেশিদের সম্মানে বাঙালি পাড়ায় এলে তিনি রাজা তৃতীয় চার্লসকে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্রিটিশ বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরেন। একই সাথে ব্রিটেনের মূলধারায় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কিভাবে স্বগৌরবে মাথা তুলে দাঁড়িয়েছে সেই ইতিহাস তুলে ধরেন।
এসময় রাজা তৃতীয় চার্লস খুব আগ্রহ ভরে প্রায় দেড় মিনিট ধরে নবাব উদ্দিনের কথা শোনেন। সবশেষে নবাব উদ্দিন রাজা ও রানিকে বাংলাদেশে ভ্রমণের আমন্ত্রণ জানান। রাজা তখন সাগ্রহে সায় দেন বাংলাদেশে যাওয়ার জন্য।
এদিকে পূর্ব লন্ডনে আসার জন্য আমন্ত্রণকারী সংগঠন বিবিপিআই এর নারীদের বিভাগের পক্ষ থেকে প্রপা রেজওয়ানা আনোয়ার জামদানি শাড়ি তুলে দেন রানির হাতে। এসময় আয়েশা কুরাইশী ওবিই রানিকে জামদানি বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি বলে জানান। প্রপা রেজওয়ানা আনোয়ার বলেন, জামদানি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য, নারীদের শক্তির প্রতীক, একই সাথে সৌন্দর্যের চিহ্ন। রানিকে জামদানি উপহার দিয়ে ভালো লাগছে।
বাংলাদেশি পাড়ায় কারী ক্যাপিটালখ্যাত ব্রিকলেনে হেঁটেছেন রাজা ও রানি, প্রাণ ভরে হাত মিলিয়েছেন। কথা বলেছেন মানুষের সাথে। এরপর তিনি ব্রিকলেনের বাংলাদেশি রেস্টুরেন্ট গ্রামবাংলায় ঢোকেন। সেখানে মালিক বিখ্যাত শেফ আতিক ও অন্যতম মালিক গুলজার আহমেদ আমন্ত্রণ জানান রাজাকে। রাজা গ্রাম বাংলা রেস্টুরেন্টে ঘুরে দেখেন সবকিছু। এরপর রাজাকে সিলেটের চা, সিংগারা, জিলাপী দিয়ে আপ্যায়ন করা হয়। রাজার সামনে বাংলাদেশি মাছ, ভর্তার ২০ ধরণের একটি প্ল্যাটার উপস্থাপন করেন শেফ আতিক।
রাজা প্রায় ২০ মিনিট উপস্থিত ছিলেন গ্রামবাংলা রেস্টুরেন্টে। যাওয়ার সময় রাজাকে একটি পদ্মার ইলিশ রয়েল ময়লা দিয়ে মেরিনেইড করে টেইকওয়ে দেয়া হয়।
