রাফাহ সীমান্ত আংশিক খোলার প্রথম দিনেই আহত ফিলিস্তিনিদের মিসরে প্রবেশ

অনলাইন ডেস্ক

সীমিতভাবে রাফাহ সীমান্ত খোলার প্রথম দিনে কয়েকজন আহত ফিলিস্তিনি ও তাদের সঙ্গীরা গাজা থেকে মিসরে প্রবেশ করেছে। সীমান্তে মিসরীয় পক্ষের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি মঙ্গলবার জানিয়েছে, পাঁচজন আহতের সঙ্গে সাতজন সঙ্গী সীমান্ত পার হয়েছে।

জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলোর দাবি— সীমান্ত পুনরায় খোলা গাজার মানবিক পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ।

মিসর সীমান্তের তিন কর্মকর্তার মতে, সোমবার রোগীদের সংখ্যা সীমিত ছিল। প্রত্যেক রোগীর সঙ্গে দু’জন সঙ্গীসহ সর্বমোট ৫০ জনকে যেতে দেওয়া হয়।

মিসরের একজন স্বাস্থ্য কর্মকর্তা জানান, তিনটি অ্যাম্বুলেন্সে করে ফিলিস্তিনের রোগীরা আসে। আগমনের সময় তাদের পরীক্ষা করে ঠিক করা হয় কোন হাসপাতালে নেওয়া হবে।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল-কাহেরা নিউজ জানায়, ফিলিস্তিনি রোগীদের গ্রহণের জন্য ১৫০টি হাসপাতাল ও ৩০০টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, স্থানান্তরিত রোগীদের সেবায় ১২ হাজার চিকিৎসক ও ৩০টি দ্রুত মোতায়েনযোগ্য দল প্রস্তুত রাখা হয়েছে।

গাজা সিটির আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বলেন, ২০ হাজার রোগীর জরুরি চিকিৎসা প্রয়োজন, যার মধ্যে ৪ হাজার ৫০০ জন শিশু। সীমান্ত দিয়ে কতজন মানুষ গাজায় ফিরে গেছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights