রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ‘হেড মাঝি’ নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে কমিউনিটি নেতা (হেড মাঝি) মোহাম্মদ সৈয়দ হোসন নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে কুতুপালং ২ ইস্টে আব্দুল্লাহর চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে।

সৈয়দ হোসন বেশ কিছু দিন ধরে কুতুপালং ২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝির দায়িত্ব পালন করে আসছিল বলে জানিয়েছে এপিবিএন পুলিশ।

গত দুদিনে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীরা দুই রোহিঙ্গা নেতাকে খুন করলো।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, আজ সকাল ৭টার দিকে কুতুপালং ২ ইস্টের কাছে একটি চায়ের দোকানে কয়েকজন রোহিঙ্গার সঙ্গে সকালের নাস্তা করছিল ক্যাম্প মাঝি সৈয়দ হোসন। এসময় ২০/২৫ জনের সন্ত্রাসী গ্রুপ এসে সৈয়দ হোসনকে দোকান থেকে টেনে হেঁচড়ে বের করে প্রথমে কুপিয়ে পরে গুলি করে। এসময় সন্ত্রাসীরা অন্যান্য রোহিঙ্গাদের ভয়-ভীতি দেখাতে এলোপাতাড়ি গুলি ছুড়ে। খবর পেয়ে পার্শ্ববর্তী এপিবিএন ক্যাম্প থেকে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ সৈয়দ হোসনকে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ঘটনার পরপরই এপিবিএন পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহত হেড মাঝি সৈয়দ হোসনের মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights