রোহিঙ্গা শিশুদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, রোহিঙ্গা শিশুদের জন্য নিরাপদ, মানবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে কোনো শিশুই শিক্ষার বাইরে না থাকে।

রবিবার জেলার উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন লার্নিং সেন্টার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষাজীবনের নানা অভিজ্ঞতার কথা শোনেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি শিশুরই স্বপ্ন দেখার অধিকার রয়েছে। মানবিক সংকটের মধ্যেও শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি একটি প্রজন্মকে সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায়।

লার্নিং সেন্টারগুলোতে মিয়ানমার কারিকুলাম অনুসরণ করে মিয়ানমার, ইংলিশ, ম্যাথ, জিওগ্রাফি, হিস্ট্রি, সায়েন্স এই ৬টি বিষয়ে গ্রেড ১২ পর্যন্ত পড়ানো হয়।

পরিদর্শনকালে তিনি ইউনিসেফ ও ব্র্যাক পরিচালিত ৩টি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। এসময় লার্নিং সেন্টারের শিক্ষকরা শিক্ষাদান কার্যক্রম পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষাসামগ্রীর ঘাটতি ও প্রশিক্ষণসংক্রান্ত চ্যালেঞ্জের বিষয়গুলো প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। পাশাপাশি, প্রতিমন্ত্রী রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights