লাকসামে ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভ্যানচালক আবদুল মান্নান (৬৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুন্তি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত ছফর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক আবদুল মান্নান রাতে বাড়ি ফেরার পথে তার বড় ভাই সামছুল হক শামু মিয়া, বড় ভাইয়ের মেয়ে বকুল বেগম এবং বকুলের স্বামী, পৌরসভা তাঁতীদলের সভাপতি শোকর আলী তাকে তাদের ঘরে ডেকে নেয়। এ সময় তারা তিনজন মিলে মান্নানকে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লাকসাম সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে থানা পুলিশ নিহত মান্নানের মরদেহ উদ্ধার করে শুক্রবার (২৭ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ছেলে বিল্লাল হোসেন বলেন, আমার বাবাকে জায়গা দখলের মিথ্যা অভিযোগে আমার জেঠা সামছুল হক, তার মেয়ে বকুল এবং মেয়ের জামাই শোকর আলী ঘরে ডেকে নিয়ে হত্যা করেছে। পাশের বাড়ির লোকজন রাতে আমাদের খবর দিলে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সেখানে নেওয়ার আগেই বাবা মারা যান। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত বকুলের স্বামী শোকর আলী বলেন, আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য একটি মিথ্যা কাহিনী সাজানো হচ্ছে। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল, তাকে কোনো মারধর করা হয়নি। শুধু ভাইয়ে ভাইয়ে কথা কাটাকাটি হয়েছে। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। তার বড় ছেলে জসিম উপস্থিত থেকে বিষয়টি মীমাংসা করেছেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ বানোয়াট।

লাকসাম থানার ওসি মাকছুদ আহমেদ বলেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights