লালপুরে বিচার দাবিতে সড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে সম্পা (২৪) নামের এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচণায় দায়ীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার বেলা ১২টার দিকে লালপুর থানা গেটের সামনে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সম্পা উপজেলার বাকনা পালপাড়া গ্রামের সোনারুল ইসলাম কালুর মেয়ে।

বিক্ষোভকারী জানান, গত রবিবার রাতে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে স্বামী সুমনের বাড়ি থেকে সম্পার লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়। মৃত্যুর ঘটনায় দায়িদের গ্রেফতার দাবি জানিয়ে বুধবার সকাল ১১টা থেকে বিক্ষোভ করেছিল তার স্বজন ও এলাকাবাসী। এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে থানা চত্ত্বরে ঢুকে পড়ে বিক্ষোভ করেন তারা। পরে থানা থেকে বের হয়ে গেটের সামনের সড়কে বসে পড়ে সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুর জন্য দায়ীদের গ্রেফতারের আশ্বাস দিলে
অবরোধ তুলে নেন তারা।

এ বিষয়ে লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনার দিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়ে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights