লালমনিরহাটে এইচএসসিতে ফল বিপর্যয়: ৬ কলেজে পাস শূন্য

লালমনিরহাট প্রতিনিধি

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফল বিপর্যয়ে পড়েছে লালমনিরহাট। জেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এবার পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৮ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। এতে ফলাফলের দিক থেকে বেশ পিছিয়ে পড়েছে জেলাটি।

শিক্ষাবোর্ডের প্রকাশিত শূন্য শতাংশ পাসের হারের প্রতিষ্ঠানের তালিকায় লালমনিরহাটের ৬টি কলেজের নাম রয়েছে। দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে আট জেলার মোট ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে এবার শতভাগ ফেল করার ঘটনা ঘটেছে।

জেলা শিক্ষাসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, লালমনিরহাটে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কালীগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি তিনটি, হাতীবান্ধায় দুটি এবং আদিতমারীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে হাতীবান্ধা মডেল কলেজ থেকে ১১ জন এবং একই উপজেলার আমিনুর রহমান কলেজ থেকে এক জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করতে পারেননি। এছাড়া কালীগঞ্জ উপজেলার সোনারহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ জন, দুহুলী এসসি হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এক জন, দক্ষিণ ঘনশ্যাম স্কুল অ্যান্ড কলেজ থেকে এক জন এবং আদিতমারী উপজেলার গন্ধমরুয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া দুজন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।

অন্যদিকে, জেলার সামগ্রিক ফলাফলে দেখা যায়, এ বছর লালমনিরহাট থেকে মোট ৭ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ৩ হাজার ৩৩৫ জন এবং ছাত্রী ৪ হাজার ১২০ জন। মোট পাস করেছেন ৩ হাজার ৪৮২ জন (ছাত্র ১ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ২ হাজার ১১৯ জন)। জেলায় গড় পাসের হার ৪৬ দশমিক ৭১ শতাংশ। লিঙ্গভিত্তিক ফলাফলে ছাত্রদের পাসের হার ৪০ দশমিক ৮৭ শতাংশ এবং ছাত্রীদের ৫১ দশমিক ৪৩ শতাংশ। এ বছর জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১০২ জন শিক্ষার্থী; যাদের মধ্যে ৩৬ জন ছাত্র এবং ৬৬ জন ছাত্রী।

সামগ্রিক পাসের হারে দিনাজপুর শিক্ষাবোর্ডের আট জেলার মধ্যে লালমনিরহাটের অবস্থান তৃতীয়। শিক্ষাসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, নিয়মিত পাঠদান না হওয়া, চরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট এবং মাত্র এক বা দুজন শিক্ষার্থী নিয়ে পরীক্ষার ফরম পূরণ করানোর মতো বিষয়গুলো এমন ফলাফলের পেছনে ভূমিকা রাখতে পারে। জেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল এবং সামগ্রিক পাসের হার ৫০ শতাংশের নিচে থাকায় জেলার শিক্ষার মান ও পাঠদান কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।

লালমনিরহাট জেলার বর্তমান জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রুখসানা পারভীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেসব কলেজে কেউ পাস করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights