শব্দ ও বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

অনলাইন প্রতিবেদক

শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য পরিবেশ অধিদপ্তর আজ লালমনিরহাট, শেরপুর ও কুড়িগ্রাম জেলায় পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর।

বিজ্ঞপ্তিতে বলা হয়- শব্দদূষণ নিয়ন্ত্রণে তিনটি মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৯টি মামলা দায়ের করা হয়, এতে মোট ১১,০০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে। অভিযানে ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে এবং কয়েকজন যানবাহন চালককে সতর্কবার্তা প্রদান করা হয়েছে।

অপরদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী লালমনিরহাট জেলায় নির্মাণ সামগ্রী থেকে সৃষ্ট বায়ুদূষণের দায়ে ৩টি মামলা দায়ের করে ৫,০০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করে নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে- পরিবেশ অধিদপ্তরের সারাদেশব্যাপী চলমান দূষণবিরোধী অভিযানের অংশ হিসেবে ২ জানুয়ারি ২০২৫ থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত মোট ১৮৩৮টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৪,৬৪৭টি মামলার মাধ্যমে ২৭ কোটি ২১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানের মাধ্যমে ৪৯৬টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ, ২২২টি ইটভাটা বন্ধের নির্দেশ এবং ১৩৮টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এছাড়া, ২৮টি অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা এবং ১৭০টি প্রতিষ্ঠানের সেবা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ১৩টি প্রতিষ্ঠান থেকে ১১ ট্রাক সীসা ও ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights