শাহ আমানতে যাত্রীর ব্যাগে মিলল ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এক যাত্রীর হাতব্যাগ থেকে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

রবিবার স্বর্ণ চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা এ অভিযান চালান।

সিআইআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এদিন সকালে বিমানবন্দরে অবস্থান নেন কর্মকর্তারা। মো. শরীফ নামের এক যাত্রী বেলা ১১টা ১২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে বিমানবন্দরে নামেন।

কর্মকর্তারা জানান, শরীফ কোনো স্বর্ণের অলংকার ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন।

পরে গোপন তথ্যের ভিত্তিতে কর্মকর্তারা তার ব্যাগ তল্লাশির সিদ্ধান্ত নেন। কাস্টমস হলরুমে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কর্মকর্তার উপস্থিতিতে তার হাতব্যাগ থেকে মোট এক কেজি ৪৮০ গ্রাম ওজনের ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।

শুল্ক ও প্রযোজ্য করসহ জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে সিআইআইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights