শাহজালাল তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক

আগামী অক্টোবরে স্বল্প পরিসরে চালু হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্প উদ্বোধন করবেন বলে জানা গেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ কথা জানিয়েছেন। গতকাল হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। নির্মাণাধীন তৃতীয় টার্মিনালেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বেবিচক চেয়ারম্যান জানান, এরই মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ৭৭ শতাংশ কাজ শেষ হয়েছে। অক্টোবরের আগেই ৯০ শতাংশ কাজ শেষ হবে।

প্রকল্পে আপাতত অতিরিক্ত কোনো অর্থ লাগছে না বলে জানান তিনি। সরকার দ্রুত সময়ে এই প্রকল্পের কাজ শেষ করতে চাচ্ছে জানিয়ে মফিদুর রহমান আরও বলেন, আজ থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। কিন্তু আমাদের এখানে ৩-৪ হাজার শ্রমিক ছুটিতেও কাজ করে যাবেন। তারা শুধু ঈদের দিন কাজ করবেন না।

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদন পায় ২০১৭ সালের ২৪ অক্টোবর। সে সময় ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরে আরও ৭ হাজার ৭৮৮ কোটি ৫৯ লাখ টাকা বাড়িয়ে প্রকল্পের আকার দাঁড়ায় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা।
২০১৯ সালের ডিসেম্বরে প্রকল্পটির নির্মাণ শুরু হয়। খরচের বেশির ভাগ দিচ্ছে জাপানি সহযোগিতা সংস্থা (জাইকা)। সংস্থাটি ঋণ হিসেবে দিচ্ছে ১৬ হাজার ১৪১ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকা। বাকি ৫ হাজার ২৫৮ কোটি ৩ লাখ ৮৮ হাজার টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। শাহজালালে বর্তমানে দুটি টার্মিনাল রয়েছে। এই দুই টার্মিনালের আয়তন ১ লাখ বর্গমিটার। তৃতীয় যে টার্মিনালটি হচ্ছে, সেটির আকার বর্তমান দুটি টার্মিনালের দ্বিগুণেরও বেশি। ২ লাখ ৩০ হাজার বর্গমিটার হবে এর আয়তন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights